প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

স্পোর্টস ডেস্ক,
২০২২ সালে প্রথম সাফ শিরোপা জয়ের পর সাবিনা খাতুনদের জন্য রাজধানী ঢাকা সাজিয়েছিল উৎসবে। ২০২৪ সালে শিরোপা ধরে রাখলেও সেই উচ্ছ্বাস দেখা না গেলেও— সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হয়ে ফেরা সাবিনা–কৃষ্ণাদের জন্য এবারও থাকছে বিশেষ আয়োজন। বাফুফে প্রস্তুত করেছে ছাদখোলা বাস, যার মাধ্যমে চ্যাম্পিয়নদের দেয়া হবে বর্ণাঢ্য সংবর্ধনা।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এবারের সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর বাংলাদেশ দলের সদস্যরা ঘুরে দেখেছেন স্থানীয় পর্যটন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সে কারণেই পুরুষ দল আগে ফিরলেও নারী দলের দেশে ফেরার সময় পিছিয়েছে। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও নিলুফার ইয়াসমিনরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান,
“নারী ফুটসাল চ্যাম্পিয়ন দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে অভ্যর্থনার আয়োজন থাকবে।”
উপেক্ষিতদের প্রত্যাবর্তন, অর্জনের নতুন ইতিহাস
২০২৪ সালের সাফ ফুটবল জয়ের পর জাতীয় নারী ফুটবল দলে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কোচ পিটার বাটলারের সঙ্গে মতানৈক্যের কারণে ছিটকে যান বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার— যার মধ্যে পাঁচজন এবার ফুটসাল দলে নতুনভাবে সুযোগ পান। সেই উপেক্ষিত ফুটবলাররাই এবার ইতিহাস গড়লেন অনবদ্য সাফল্যে।
দক্ষিণ এশিয়ার প্রথম ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে অধিনায়ক সাবিনা ঘোষণা দিয়েছিলেন— “ভালো কিছু করেই ফিরব।” কথার প্রমাণ রেখেছেন তিনি। অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে লাল–সবুজরা।
গোলবন্যার টুর্নামেন্ট
বাংলাদেশের শিরোপা জয়ের যাত্রা ছিল একেবারে রোমাঞ্চে ভরা—
ভারতকে ৩–১ গোলে হারিয়ে শুভসূচনা
ভুটানের বিপক্ষে ৩–৩–এর নাটকীয় ড্র
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি—
নেপালকে ৩–০
শ্রীলঙ্কাকে ৬–৩
পাকিস্তানকে ৯–১
মালদ্বীপকে ১৪–২ উড়িয়ে দুর্দান্ত শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ
ব্যক্তিগত পুরস্কারও দখলে
টুর্নামেন্টে ব্যক্তিগত অর্জনেও ছিল বাংলাদেশের দাপট—
সর্বোচ্চ গোলদাতা: সাবিনা খাতুন — ১৪ গোল
দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা: কৃষ্ণা রানী সরকার — ৭ গোল
ভারতের খুশবুও কৃষ্ণার সমান ৭ গোল করলেও গোল গড় ও অবদানে এগিয়ে ছিলেন কৃষ্ণা।
চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের এ জয়ে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের নারী ফুটবল। ফুটসাল দিয়ে যে তারা আবারও নিজেদের প্রমাণ করেছেন—তার উদযাপনেই প্রস্তুত পুরো রাজধানী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ